কালিয়াকৈরে গরুচোর সন্দেহে ঘনপিটুনিতে নিহত ৩ , ট্রাকে আগুন
মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয় এলাকাবাসী। মুমূর্ষ অবস্থায় পুলিশ তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
রোববার (১০ মে) সকালে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহতরা হলেন ঃ
১) আজাহারুল ইসলাম (৩৬), পিতা - সরাফত আলী, মাতা- সুফিয়া খাতুন,
সাং বদনী ভাংগা, থানাঃ শ্রীপুর, জেলাঃ গাজীপুর। ২) কৃষ্ণ (৪৬), পিতা - কমলা কান্ত, মাতা- চিনি বালা, সাং - ঘাশিটোলা ( মোস্তাক মিয়ার কলনী), থানাঃ কোতোয়ালি, জেলাঃ সিলেট।
৩) সেলিম (৩৮) পিতাঃ আব্দুল বারেক
মাতাঃ পারুল বেগম, সাং- কলাগাছিয়া, থানাঃ মির্জাগঞ্জ, জেলাঃ পটুয়াখালী
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, এলাকায় বেশ কয়েকদিন ধরে গরুচুরির ঘটনা বেড়েছে। রোববার ভোরে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাগমারা এলাকায়। এসময় এলাকাবাসী এটি জানতে পেরে চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। সংবাদ পেয়ে ফুলবাড়িয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই তিন জনকেই মৃত ঘোষণা করেন । এরপর বিক্ষুব্ধ জনতা তাদের নিয়ে আসা ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর (পরিদর্শক) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান , গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয় জনতা। এতে ওই তিনজনই মারা গেছে। আরও কয়েকজন চোর ছিল তারা পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।