শ্রীপুরে মানবিক দৃষ্টান্ত জলাবদ্ধতা থেকে ৫০ পরিবারকে মুক্ত করলেন কাউন্সিলর পদপ্রার্থী এস এম মাসুদ রানা
গাজীপুর শ্রীপুর প্রতিনিধি :আল আমিন খান
শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের গুণী বাড়ি এলাকায় টানা বৃষ্টিতে সৃষ্ট চরম জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে অর্ধশত পরিবার। এলাকাবাসীর দুর্ভোগের খবর পেয়ে তাৎক্ষণিক উপস্থিত হয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন শ্রীপুর পৌরসভা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এবং পৌর কৃষকদলের আহ্বায়ক সদস্য এস এম মাসুদ রানা।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের গুণী বাড়ি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে প্রায় ৫০টি পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছিল। ঘরবাড়ি ও আঙিনায় পানি জমে থাকায় সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল ও রান্নাবান্না বন্ধ হওয়ার উপক্রম হয়। ড্রেনেজ ব্যবস্থার সমস্যার কারণে পানি সরতে না পেরে এই সংকট আরও ঘনীভূত হয়।
মঙ্গলবার (১২ মে) সকালে বিষয়টি জানতে পেরে কোনো কালক্ষেপণ না করে ঘটনাস্থলে ছুটে যান এস এম মাসুদ রানা। তিনি সরাসরি উপস্থিত থেকে শ্রমিক ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পানি নিষ্কাশনের কাজ শুরু করান। দীর্ঘ প্রচেষ্টার পর ড্রেন ও নালা পরিষ্কার করে পানি চলাচলের পথ সুগম করা হয়, যার ফলে দ্রুতই জলাবদ্ধতা নিরসন হয় এবং জনজীবনে স্বস্তি ফিরে আসে।
জলাবদ্ধতা নিরসন কাজ তদারকি করার সময় এস এম মাসুদ রানা আবেগপ্লুত কণ্ঠে এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন:আমি খবর পাওয়া মাত্রই ছুটে এসেছি। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। ক্ষমতার লোভ আমার নেই, আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। এই এলাকার প্রতিটি মানুষ যখন সুখে-শান্তিতে থাকবে, তখনই আমি সুখী হবো। আপনারা যেকোনো বিপদে আমাকে ডাকবেন, আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আপনাদের পাশে থাকব।"তিনি আরও যোগ করেন, "আমি আপনাদের মাঝে একজন সাধারণ মানুষ হিসেবে, আপনাদের পরিবারের একজন হয়ে থাকতে চাই। জনগণের সেবার জন্যই আমি রাজনীতি করি, ক্ষমতার মোহে নয়।"
উপকারভোগী পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা মাসুদ রানার এই দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। গুণী বাড়ি এলাকার বাসিন্দারা জানান, "আমাদের এই বিপদে অনেকেই খবর নেননি, কিন্তু মাসুদ রানা ভাই খবর পাওয়ামাত্রই নিজে এসে দাঁড়িয়ে থেকে আমাদের কষ্ট দূর করেছেন। আমাদের এমন নেতাই প্রয়োজন, যাকে সুখে-দুখে সবসময় পাশে পাওয়া যায়।"
স্থানীয়রা আরও জানান, যেকোনো সামাজিক সমস্যা বা মানবিক সংকটে এস এম মাসুদ রানা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন। তার এই কাজ এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে।