গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধার নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ মে ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সদর থানার ৮নং বোয়ালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নসরৎপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গাইবান্ধা পুলিশ লাইন্সের ২নং গেটের দক্ষিণ পাশে সাঘাটা-গাইবান্ধা সড়কে জনৈক মহসিন আলীর দোকানের সামনে থেকে মোঃ আরিফ খান (২৬), পিতা-মোঃ রজ্জব খান, সাং-সুপারীরভিটা, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি নীল জিপার প্যাকেটে মোট ৪০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়াও একই ঘটনায় মোঃ সাব্বির (১৮), পিতা-মোঃ ভুট্ট, সাং-বেড়াডাঙ্গা, থানা ও জেলা-গাইবান্ধাকে ইয়াবা বিক্রয়ের সহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।