কচুড়িয়ায় রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা
আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কচুড়িয়া এলাকায় একটি রাস্তা নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি অর্থায়নে নির্মাণাধীন ওই রাস্তার কাজ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কচুড়িয়া গ্রামের মাসুদ শেখের বাড়ির পাশ দিয়ে পুকুর পাড় ঘেঁষে ইটের রাস্তা নির্মাণ করা হচ্ছে। রাস্তার পুকুর অংশ যাতে ধসে না যায়, সে জন্য পুকুরের ঢালে প্রায় ১০ ইঞ্চি ইটের দেয়াল বা ঠেকনা নির্মাণের কাজ চলছে। তবে এলাকাবাসীর অভিযোগ, কাজটি অত্যন্ত অপরিকল্পিতভাবে করা হচ্ছে এবং প্রকল্পের স্থায়িত্ব নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের দাবি, পুকুরের ঢালে যেভাবে রাস্তা ও দেয়াল নির্মাণ করা হচ্ছে, তাতে কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই দেয়ালটি ভেঙে পুকুরে বিলীন হয়ে যেতে পারে। একইসঙ্গে রাস্তার অংশও পুনরায় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তাদের মতে, এটি কোনো টেকসই উন্নয়ন কাজ নয়; বরং সরকারি অর্থ তসরুপের অপকৌশল।
এলাকাবাসী আরও অভিযোগ করেন, প্রকল্পটিতে বাস্তবে ৫০ থেকে ৬০ হাজার টাকার বেশি ব্যয় হওয়ার কথা নয়। অথচ এ প্রকল্পে সরকারের বরাদ্দ দেখানো হয়েছে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা। এতে প্রকল্প ব্যয় নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানা গেছে, সংশ্লিষ্ট কোদালিয়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য মারুফ ও উসমান কাজটি বাস্তবায়ন করছেন। এ বিষয়ে ইউপি সদস্য মারুফ বলেন, “মূলত কাজটি মহিলা মেম্বার বিলকিসের নামে বরাদ্দ হয়েছে। তবে আমি দায়িত্ব নিয়ে কাজটি করছি। দীর্ঘদিন পর এলাকায় একটি উন্নয়নমূলক কাজ করতে গিয়ে কিছু মানুষের বাধার মুখে পড়েছি।”
তবে স্থানীয় সচেতন মহল বলছেন, উন্নয়ন কাজের নামে নিম্নমানের ও অপরিকল্পিত নির্মাণকাজ গ্রহণযোগ্য নয়। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের দাবি জানিয়েছেন।