জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভা: জনসাধারণের সঙ্গে মতবিনিময় করলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম
নিজ্জ্বল সাহা
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার আলীনগরে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এক পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন মো. মাসুদ আলম।
পথসভায় পুলিশ সুপার জঙ্গল সলিমপুর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, জঙ্গল সলিমপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখলসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ গঠনে জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া টেকসই আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। তাই কোনো অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা কিংবা আইন-শৃঙ্খলা সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
মতবিনিময় পর্বে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে জঙ্গল সলিমপুরের সার্বিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
সভায় তিনি উপস্থিত জনসাধারণকে গুজব, অপপ্রচার কিংবা কোনো ধরনের উসকানিতে বিভ্রান্ত না হয়ে আইন মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং এলাকার ইতিবাচক পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পথসভায় উপস্থিত জনসাধারণ পুলিশ সুপারকে নিজেদের মাঝে পেয়ে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। তারা জেলা পুলিশের গণমুখী, মানবিক ও জনবান্ধব কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং জঙ্গল সলিমপুরের উন্নয়ন, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী।