যাত্রী সাধারণের সীমাহীন দুর্ভোগ -
কালিয়াকৈর বাইপাস এখন গলার কাঁটা
মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালিয়াকৈরে বাইপাসের আন্ডারপাস এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন হাজারো যাত্রী সাধারণ ও চালকদের ঘন্টার পর ঘন্টা ভোগান্তির কারণে চরম দূর্ভোগ পোহাচ্ছে ।
উপজেলার কালিয়াকৈর বাইপাসে সরু রাস্তায় অটোরিকশা, বাস, ট্রাক, মোটরসাইকেল ও প্রাইভেটকারের চাপে সকাল-বিকেল তীব্র যানজট লেগেই থাকে। অপরদিকে আন্ডারপাসের রাস্তা সরু হওয়ার কারণে বিকল্প রাস্তা না থাকায় এবং বেপরোয়া অটোরিকশা চলাচলই যানজটের কারণ। এরই মধ্যে ট্রাক-বাস ও কভার্ডভ্যান -লড়ি আন্ডারপাসের রাস্তায় পারাপারে যানজট তীব্র আকার ধারণ করে। এ যানজট মুক্ত হতে ২/৩ ঘন্টা সময় লাগে।
কালিয়াকৈর শিল্প কারখানা ও ব্যবসায়ী দিক দিয়ে ব্যস্ততম এলাকা হওয়ায় চন্দ্রা, সফিপুর মৌচাক থেকে প্রতিদিন হাজারো শ্রমিক, মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস এই পথ ব্যবহার করে ধামরাই হয়ে ঢাকার দিকে যাতায়াত করে। এখানে কোন সিগন্যাল বা ট্রাফিক পুলিশ না থাকায় যানজট সব সময় লেগেই থাকে। ফলে অফিসগামী, যাত্রী সাধারণ , স্কুল-কলেজের শিক্ষার্থী বিশেষ করে রোগী এবং অ্যাম্বুলেন্স পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ছে।
সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, কালিয়াকৈর বাইপাস সংলগ্ন আন্ডারপাসের নিচ দিয়ে দুই দিক থেকেই যানবাহন ঢুকছে। সরু পথ হওয়ায় অটোরিকশা, মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস একসঙ্গে চলতে পারছে না। প্রায়ই মুখোমুখি হয়ে যানবাহন আটকে যাচ্ছে।
অটোরিকশা চালক মো. সেলিম বলেন, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত এখানে এক পাও নড়া যায় না। ১০ মিনিটের রাস্তা পার হতে ৪০ মিনিট লাগে। ট্রাক আটকে গেলে আমরাও আটকে যাই। যাত্রীরা ভাড়া দিতে চায় না, ঝগড়া হয়।
গাজীপুরগামী যাত্রী আফসানা আক্তার বলেন, আমার বাচ্চা প্রতিদিন স্কুলে দেরি হয়ে যায়। অ্যাম্বুলেন্স আটকে থাকলে রোগীর কী হবে। এখানে একটা ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিক পুলিশ খুব জরুরি হয়ে পড়েছে।
স্থানীয় সচেতনমহল, যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা অবিলম্বে কালিয়াকৈরে বাইপাস এলাকায় আন্ডারপাস রাস্তা প্রশস্তকরণ, ট্রাফিক সিগন্যাল স্থাপন, অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ এবং ট্রাফিক পুলিশ মোতায়েনের জোর দাবি জানিয়েছেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন ও উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বলেন, কালিয়াকৈর বাইপাস এলাকায় আন্ডার পাস সরু হওয়ায় অব্যাহতভাবে অসহনীয় যানজটের কারণে যাত্রী - সাধারণ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।
দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটনার আশঙ্কা রয়েছে।
মোঃ ইমরান হোসেন,
বিজয় ২৪ টিভি
কালিয়াকৈর, গাজীপুর।