ঠাকুরগাঁও জেলায় আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়ঃ
স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁও জেলা।
আত্মহত্যা ও অপমৃত্যুর হার কমিয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশনের রিয়েক্টস-ইন প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার বেলাল হোসেন, সিভিল সার্জন ডাঃ আনিছুর রহমান, ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চ্যাম্বুগং এবং REACTS IN প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকারসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, আত্মহত্যা ও অপমৃত্যু বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা। পারিবারিক কলহ, মানসিক চাপ, মাদকাসক্তি, হতাশা এবং সামাজিক অবক্ষয়ের কারণে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনা প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, মানুষের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি, কাউন্সেলিং কার্যক্রম জোরদার এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আত্মহত্যা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে করণীয় বিষয়ক বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয় এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সমাজকর্মী ও গণমাধ্যমকর্মী বৃন্দ অংশগ্রহণ করেন।
বিজয় ২৪ টিভি
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও জেলা।