জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক সবুজায়নের আহ্বান
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বন বিভাগের অর্থায়নে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন সড়ক, খালপাড়, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।
শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের দাসেরহাট ছড়া থেকে এসিল্যান্ড আরাজী-পলাশবাড়ী সংযোগ খাল বাঁধের উভয় পাশে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা সাদিকুর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বর্তমানে নানা ধরনের পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় নদীভাঙন, খরা, তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত এবং জীববৈচিত্র্যের ক্ষয় দিন দিন বাড়ছে। এসব ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বায়ুদূষণ কমায়, মাটির ক্ষয় রোধ করে এবং কার্বন শোষণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি পরিবেশগত উদ্যোগ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ার আন্দোলন। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
এদিকে একই দিনে জেলা পরিষদের অর্থায়নে জেলা পরিষদ ডাকবাংলো চত্বর, রিভার ভিউ উচ্চ বিদ্যালয় এবং পুরাতন বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এক হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, আগামী পাঁচ বছরে সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলাজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে জেলার পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।