কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের বাছাই পরীক্ষা সম্পন্ন
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশ এর ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর প্রাথমিক বাছাই পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ জুন) কুড়িগ্রাম পুলিশ লাইনস্ মাঠে এ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে আয়োজিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা ১৬০০ মিটার দৌড় (পুরুষ), ১০০০ মিটার দৌড় (নারী), লংজাম্প এবং হাইজাম্প ইভেন্টে অংশ নেন।
কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি , পিপিএম বাছাইপর্বে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি চাকরি প্রত্যাশীদের কোনো ধরনের দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে না পড়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল এবং নিয়োগ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আগামী ২০ জুন অনুষ্ঠিতব্য তৃতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শারীরিক সহনশীলতা পরীক্ষা (PET)-এর অংশ হিসেবে পুশআপ, সিটআপ, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং ইভেন্টে অংশগ্রহণ করবেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্পূর্ণ মেধাভিত্তিক ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে বাছাই করা হবে।