ধামইরহাটে বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সারাদেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে নওগাঁর ধামইরহাটে এক সাবেক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. শাহজাহান আলী। তিনি ধামইরহাট উপজেলার উমার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে পুলিশের এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ধামইরহাট থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।