রামপালে খাল দখলমুক্তে অভিযান, সরানো হলো অবৈধ বাঁধ
আরিফ হাসান গজনবী
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি | ২২ জুন ২০২৬
বাগেরহাটের রামপাল উপজেলার চামারখালী খাল দখলমুক্ত করতে অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত একটি বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে পানি প্রবাহে বাধা সৃষ্টি হওয়ায় এলাকায় জলাবদ্ধতা ও কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছিল বলে অভিযোগ ছিল স্থানীয়দের।
সোমবার (২২ জুন) সকালে উপজেলার ৭ নম্বর পেড়িখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চামারখালী এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খালটির ওপর অবৈধভাবে বাঁধ নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে পানি চলাচল ব্যাহত হচ্ছিল। বর্ষা মৌসুমে আশপাশের বিস্তীর্ণ কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শত শত একর ফসলি জমি ক্ষতির মুখে পড়ত। একই সঙ্গে পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ওপরও এর বিরূপ প্রভাব পড়ছিল।
স্থানীয়দের অভিযোগের পর বিষয়টি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপির নজরে আসে। পরে তার নির্দেশনায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ভারী যন্ত্রপাতির সাহায্যে খালের ওপর নির্মিত অবৈধ বাঁধটি অপসারণ করে।
রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বলেন, “পরিবেশ ও জনস্বার্থবিরোধী যেকোনো অবৈধ দখল ও প্রতিবন্ধকতার বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। উপজেলার অন্যান্য খাল-বিলেও এ ধরনের প্রতিবন্ধকতা চিহ্নিত করে পর্যায়ক্রমে অপসারণ করা হবে।”
অবৈধ বাঁধ অপসারণের খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা। তাদের প্রত্যাশা, খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরে আসায় জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন স্বাভাবিক হবে।
স্থানীয় সচেতন মহলও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং কৃষি ও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।