গাইবান্ধা সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজী আব্দুল গোফ্ফার প্রতারণার মামলায় আবারও জেলহাজতে পাঠানো হয়েছে
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজী আব্দুল গোফ্ফার প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা আরেকটি মামলায় আদালতের নির্দেশে আবারও জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে একই ধরনের অভিযোগে তিনি কারাগারে ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কোমরপুর এলাকার বাসিন্দা মোছাঃ রিক্তা আক্তার শিখা অভিযোগ করেন, ২০২৬ সালের ১ এপ্রিল গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানীপাড়ায় অবস্থিত কাজী আব্দুল গোফ্ফারের কার্যালয়ে তার বিয়ে নিবন্ধন করা হয় এবং ১০ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়। পরে কাবিননামা চাইলে দীর্ঘদিন তা না দিয়ে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে তাকে ১ লাখ ১০ হাজার টাকা দেনমোহর উল্লেখ করা একটি কাবিননামা দেওয়া হয়, যা তিনি ভুয়া বলে দাবি করেন। এ ঘটনায় তিনি প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে আদালতের নির্দেশে অভিযুক্ত কাজী আব্দুল গোফ্ফারকে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের বিচার এখনও সম্পন্ন হয়নি। অভিযোগগুলো বর্তমানে বিচারাধীন এবং আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছে।