মনিরামপুর আপোষনামা অমান্য করে বাদীর ওপর হামলার অভিযোগ
যশোর প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার রাজবাড়ীয়া গ্রামে জমিজমাসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হওয়া আপোষনামা চুক্তি অমান্য করে বাদীর ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে বিবাদীদের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার সূত্র এবং পূর্বে সম্পাদিত একটি আপোষনামা দলিল।
অনুসন্ধানে জানা যায়, রাজবাড়ীয়া মৌজার বসত ভিটার সীমানা এবং সরকারি রাস্তা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ২৩/১১/২০২১ ইং তারিখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ১ম পক্ষ মো: আমজেদ আলী তরফদার এবং ২য় পক্ষ মো: সাখাওয়াত আলী তরফদার-এর মধ্যে একটি আপোষনামা দলিল সম্পাদিত হয়।
উক্ত আপোষনামায় সরকারি রাস্তার সীমানা নির্ধারণ, জমি রেকর্ড সংশোধন এবং জরিপকালীন সময়ে সীমানায় স্থায়ী স্থাপনা নির্মাণ না করাসহ ৫টি শর্তে উভয় পক্ষ স্বাক্ষর করে সমঝোতায় এসেছিলেন।
ভুক্তভোগী পক্ষের অভিযোগ, লিখিত এই আপোষনামা দলিল সম্পাদন করার পরেও বিবাদী পক্ষ চুক্তির শর্তসমূহ অমান্য করে আসছেন। শুধু তাই নয়, সম্প্রতি উক্ত চুক্তি ভঙ্গের প্রতিবাদ করায় বিবাদী পক্ষ ক্ষিপ্ত হয়ে বাদী পক্ষের ওপর অতর্কিত হামলা চালায় এবং উপর্যুপরি মারধর করে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী পক্ষ শারীরিক ও মানসিকভাবে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, গ্রাম্য শালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেওয়ার পরেও পুনরায় মারধরের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আইন হাতে তুলে না নিয়ে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধান হওয়া উচিত।
ভুক্তভোগী পক্ষ এই বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।