বাহুবলে সরকার দলের পরিচয়ে ব্যবসায়ীদের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবির অভিযোগ
হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের বাহুবলের নন্দনপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা সরকারি জায়গায় বসে ব্যবসা করলেও মীর নাসির নামে এক ব্যক্তিকে জনপ্রতি ১০ হাজার টাকা দিতে না পারলে উচ্ছেদ ও মারধর করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিকার চেয়ে ব্যবসায়ীরা বাহুবল উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের এবং হবিগঞ্জ-১ আসনের এমপি, হবিগঞ্জ জেলা প্রশাসক ও অফিসার্স ইনচার্জ বাহুবল মডেল থানাকে অনুলিপি প্রদান করা হয়েছে।
জানা যায়, বাহুবল উপাজলার ৫নং লামাতাশী ইউনিয়নের স্থানীয় নন্দনপুর বাজারের শতাধিক ক্ষুদ্র কাঁচামাল/পান ব্যবসায়ী রয়েছেন। গত ১২/১৩ বছর যাবৎ নন্দনপুর বাজারে সরকারি জায়গায় ব্যবসার মাধ্যমে পরিবার-পরিজন নিয়ে কোন রকম দিনাতিপাত কাটাচ্ছেন। এমতাবস্থায় গত মাসকানেক যাবৎ আব্দামানিক্য গ্রামের মীর আব্দুল জলিলের পুত্র মীর নাসিম নামে এক যুবক সরকার দলের পরিচয়ে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে বিভিন্ন রকম হয়রানি করছে। এমনকি প্রতি (দোকান) ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে ২৫০ টাকা হারে মাসিক চাঁদা আদায় এবং প্রতি ব্যবসায়ীকে জায়গার ভাড়াবাবদ এককালীন ১০ হাজার টাকা দিতে নির্দেশ প্রদান করে। তাহাতে অসম্মতি জানালে ব্যবসায়ীদের উচ্ছেদ এবং মারধর করার হুমকি দেওয়া হয়েছে বলে সোহেল,আবুল ফজল ও গৌতম দেব দাবি জানিয়েছেন। ব্যবসায়ীদের দাবী,সরকার দলের লোক পরিচয়ে হুমকি ও চাঁদা দাবিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।