ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক
উপজেলা প্রতিনিধি মোঃ জিহান বাবু ধামইরহাট নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে মনিরা বেগম নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফরহাদ হোসেনের বিরুদ্ধে। সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত মনিরা ওমরপুর গ্রামের মাসুদ হোসেনের মেয়ে। অভিযুক্ত ফরহাদ জয়পুরহাটের পাঁচবিবির আটাপাড়া গ্রামের হেলালের ছেলে।পুলিশ ও আনসার এবং স্থানীয়রা জানায়, সকালে কার্যালয়ের সামনে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফরহাদ ধারালো ছুরি দিয়ে মনিরাকে এলোপাতাড়ি আঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়রা ফরহাদকে আটক করে পুলিশে সোপর্দ করে।ধামইরহাট থানার ওসি মোঃ মিন্টু রহমান জানান, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।