অভিযুক্তের বাড়ির উঠানেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
মামুন মিঞা
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়নের পৈলানপুটি গ্রামে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়া এবং বাড়ি বিক্রির কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জাহিদ শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের বিচার ও টাকা ফেরতের দাবিতে অভিযুক্তের বাড়ির উঠানেই সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পৈলানপুটি গ্রামে জাহিদ শেখের বাড়ির সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগীরা জানান, অভিযুক্ত বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। তিনি বাড়িতে না থাকায় তার বাড়ির উঠানেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, জাহিদ শেখ বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেন। পাশাপাশি বাড়ি বিক্রির কথা বলেও একজনের কাছ থেকে বড় অঙ্কের টাকা নেওয়া হয়েছে। তবে প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশে পাঠানো বা সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয়নি। টাকা ফেরত চাইতে গেলে নানা ধরনের সময়ক্ষেপণ করা হয়েছে বলে অভিযোগ তাদের।
ভুক্তভোগী শিপন মীর অভিযোগ করেন, বাড়ি বিক্রির কথা বলে জাহিদ শেখ তার কাছ থেকে ৩৫ লাখ টাকা নেন। টাকা নেওয়ার পর নির্ধারিত সম্পত্তি তার নামে দলিল করে দেওয়া হয়নি। পরে জাহিদ শেখ ইতালিতে চলে যান। শিপন মীর টাকা ফেরত অথবা চুক্তি অনুযায়ী সম্পত্তির মালিকানা বুঝিয়ে দেওয়ার দাবি জানান।
অন্যদিকে, মুকসুদপুর উপজেলার কাশালিয়া গ্রামের বাসিন্দা নাসিম মল্লিকের অভিযোগ, তাকে ইতালি পাঠানোর কথা বলে জাহিদ শেখ ১০ লাখ টাকা নেন। দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর কথা বলে সময়ক্ষেপণ করা হলেও শেষ পর্যন্ত তাকে বিদেশে পাঠানো হয়নি। টাকা ফেরত চাইলে তা পরিশোধ না করেই জাহিদ শেখ ইতালিতে চলে যান বলে দাবি করেন নাসিম।
ভুক্তভোগীদের দাবি, বিদেশে পাঠানোর আশ্বাসে আরও কয়েকজন জাহিদ শেখকে টাকা দিয়েছেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী তাদের বিদেশে পাঠানো হয়নি এবং টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রেও তারা সমস্যায় পড়েছেন। এতে একাধিক ব্যক্তি ও পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন তারা।
সংবাদ সম্মেলন শেষে ভুক্তভোগীরা অভিযুক্তের বাড়ির একতলা ভবনে সংবাদ সম্মেলনের ব্যানার টাঙিয়ে দেন। এ সময় তারা বলেন, তাদের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত তারা ওই বাড়ি ছাড়বেন না।
তবে ভুক্তভোগীদের অভিযোগ অস্বীকার করে জাহিদ শেখ বলেন, তাদের সঙ্গে তার টাকা-পয়সার লেনদেন রয়েছে। টাকা ফেরত দেওয়ার জন্য তিনি সময় নিয়েছেন এবং ইতোমধ্যে কিছু টাকা পরিশোধও করেছেন। তিনি দাবি করেন, ভুক্তভোগীরা তাকে সময় দিতে রাজি নন এবং তার বাড়ি দখলের চেষ্টা করছেন।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগীরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং তাদের টাকা ও সম্পত্তি ফেরত পাওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।