ফরিদপুরে ক্যাবের সেক্রেটারির হাসপাতাল সিলগালা, ১৫ হাজার টাকা জরিমানা
মামুন মিঞা
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে অনুমোদন ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ‘আজকের সারাদেশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান সিলগালা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের পরিচালনায় এ অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ক্যাব ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি সৈয়দ নাজমুল আলম পারভেজের নাম জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কাদিরদী বাজারে প্রায় এক বছর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি চালু করা হয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে প্রতিষ্ঠানটির চিকিৎসাসেবা, ব্যবস্থাপনা ও অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসানের নির্দেশে এবং সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও অনুমোদন না থাকা এবং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ বলেন, অভিযানকালে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের ঘাটতি পাওয়া যায়। এ কারণে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
এদিকে, প্রতিষ্ঠানটির উদ্যোক্তা সৈয়দ নাজমুল আলম পারভেজের বিরুদ্ধে অতীতে চেক প্রতারণার একাধিক মামলা ও আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হওয়ার দাবি করেছে স্থানীয় একটি সূত্র। এছাড়া বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে আরও কয়েকটি মামলা আদালতে চলমান রয়েছে বলেও জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মামলার নথি ও আদালতের রায় যাচাই করা প্রয়োজন।