গাইবান্ধায় সাইবার বুলিং ও গুজব প্রতিরোধ ক্যাম্পেইনে ডিসি ড.মো. মনিরুজ্জামান
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
সাইবার বুলিং, গুজব ও অপতথ্যের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় গাইবান্ধায় সাইবার বুলিং ও গুজব প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান। তিনি একই সঙ্গে বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি।
ক্যাম্পেইনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিজনেস কনসালটেন্ট ও মেন্টাল স্ট্রেংথ ডেভেলপমেন্ট কোচ, মাইন্ডস্পার্ক একাডেমির জেরিন হান্নান।
স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ কে এম হেদায়েতুল ইসলাম।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার শিক্ষার্থীদের ব্যক্তিগত ও মানসিক জীবনে নানা ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সাইবার বুলিং, ভুয়া তথ্য ও গুজব দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যক্তি, পরিবার ও সমাজে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার না করার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
বক্তারা আরও বলেন, অনলাইনে হয়রানি বা সাইবার বুলিংয়ের শিকার হলে বিষয়টি গোপন না রেখে অভিভাবক, শিক্ষক কিংবা সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিকে জানানো প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।