মান্দায় সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন!
সজিব রহমান নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মান্দায় জলছত্র থেকে পাঁজরভাঙ্গা জিসি সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মান্দা উপজেলা শাখার নেতাকর্মীরা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা চৌরাস্তায় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ‘এলাকাবাসী জোট বাঁধ, সড়ক প্রশস্তকরণ ঠিকমতো করে নাও’—এ স্লোগানে অংশগ্রহণকারীরা প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আব্দুস সোবহান প্রাং। তিনি বলেন, “এই প্রকল্পের টাকা কৃষক-শ্রমিকের টাকা। আমাদের টাকার কাজ আমাদেরই বুঝে নিতে হবে।”
প্রকল্পের কাজের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে দায়সারা গোছের কাজ করা হচ্ছে। প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে কাজের বিস্তারিত তথ্যসংবলিত কোনো বিলবোর্ডও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য সেকেন্দার আলী মন্ডল ও জাহাঙ্গীর আলম। তারা সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা বলেন, জনগণের অর্থে বাস্তবায়ন করা প্রকল্পের কাজের মান নিয়ে কোনো ধরনের আপস করা যাবে না। সড়ক প্রশস্তকরণ কাজ সঠিকভাবে ও নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি প্রয়োজন।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা প্রকল্পের কাজের মান যাচাই, অনিয়মের অভিযোগ তদন্ত এবং নির্ধারিত নকশা ও মান অনুযায়ী সড়ক প্রশস্তকরণ কাজ সম্পন্ন করার দাবি জানান।