জবি মার্কেটিং বিভাগে রিটেইল প্র্যাক্টিসের উপর সেমিনার অনুষ্ঠিত
ইমতিয়াজ, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ১৭তম ব্যাচের ‘রিটেইল ম্যানেজমেন্ট’ কোর্সের অংশ হিসেবে ‘কনটেম্পোরারি রিটেইল প্র্যাকটিস অ্যান্ড ফিউচার প্রসপেক্টস অব রিটেইলিং ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিভাগের ৫৫৩ নম্বর কক্ষে আয়োজিত এই সেমিনারটি সমন্বয় করেন অধ্যাপক ড. মামুদুল হাসান ফৈজী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ সুপার মার্ট কোম্পানি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক মীর আবদুল হাফিজ।
সেমিনারে বাংলাদেশের সমসাময়িক খুচরা ব্যবসা (রিটেইল খাত), প্রাতিষ্ঠানিক রিটেইল পরিচালনা, আউটলেট ব্যবস্থাপনা এবং এই খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। মীর আবদুল হাফিজ তাঁর পেশাগত অভিজ্ঞতার আলোকে আধুনিক রিটেইল পরিচালনা এবং পরিবর্তনশীল বাজারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন কৌশল তুলে ধরেন।
শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব শিল্পক্ষেত্রের অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে এই আয়োজন করা হয়। মূল বক্তব্যের পর শিক্ষার্থীরা মুক্ত আলোচনায় অংশ নেন এবং দেশের রিটেইল খাতের বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।