সিরাজগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
আশিকুল ইসলাম | সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (DDMC) সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অফিস, সিরাজগঞ্জের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এতে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার দুর্যোগ ঝুঁকি, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, ক্ষয়ক্ষতি হ্রাস, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও জীবিকা সুরক্ষা এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ সহনশীলতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সিরাজগঞ্জের দুর্যোগপ্রবণ ও দরিদ্র জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নে সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA)-এর অর্থায়নে, Oxfam in Bangladesh-এর সহযোগিতায় এবং মানব মুক্তি সংস্থা (MMS) কর্তৃক বাস্তবায়িত ইডিআরসি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
বর্তমানে প্রকল্পটি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় দুর্যোগপ্রবণ জনগোষ্ঠীর জীবন ও জীবিকার উন্নয়ন, আয়বর্ধনমূলক কার্যক্রম, দুর্যোগ সহনশীল অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণ এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
সভায় বক্তারা ইডিআরসি প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলা এবং জনগণের জীবন-জীবিকার উন্নয়নে এ ধরনের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ ছাড়া সিরাজগঞ্জ জেলার অন্যান্য দুর্যোগপ্রবণ এলাকাকেও ভবিষ্যতে এ ধরনের উন্নয়ন ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধির উদ্যোগের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।