ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ধানের শীষের প্রার্থী ফয়সাল আমিনের ঐক্যের আহ্বান
মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর দলীয় নেতাকর্মী ও ঠাকুরগাঁওবাসীর প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন মির্জা ফয়সাল আমিন।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। এ জন্য দলের শীর্ষ নেতৃত্ব ও তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পোস্টে মির্জা ফয়সাল আমিন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদেরও স্মরণ করেন।
নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, প্রচারের আলোয় আসা তার লক্ষ্য ছিল না। বরং আড়ালে থেকে দলের কর্মীদের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেছেন এবং তাদের সুখে-দুঃখে থাকার চেষ্টা করেছেন।
পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে শহরের উন্নয়ন ও নাগরিক সেবায় কাজ করার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঠাকুরগাঁওয়ের শান্তি-সম্প্রীতি, সাধারণ মানুষের জানমাল এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করার দাবি করেন।
মির্জা ফয়সাল আমিন বলেন, “আমার রাজনীতি পদের জন্য নয়, আমার রাজনীতি ঠাকুরগাঁওয়ের মানুষের নিরাপত্তার জন্য, অধিকার আদায়ের জন্য।”
তিনি দলীয় নেতাকর্মীদের সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার অনুরোধ করেন। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনকে নিরাপদ, উন্নত ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে ঠাকুরগাঁওবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে এর আগে মির্জা ফয়সাল আমিনসহ তিন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরে বিএনপির পক্ষ থেকে মির্জা ফয়সাল আমিনকে প্রার্থী করার সিদ্ধান্তের খবর প্রকাশিত হয়।