কুলতলিতে ১৯০টি সৌর পথবাতির ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় বনমন্ত্রী শ্রী মনোজ কুমার ওরাং
মোমিন আলি লস্কর, কুলতলী, দক্ষিণ ২৪ পরগনা:
সুন্দরবন লাগোয়া কুলতলী ব্লকে জঙ্গল থেকে বাঘের লোকালয়ে প্রবেশের ঝুঁকি কমানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হলো। সিএসআর (CSR) প্রকল্পের আওতায় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং সমাজ উন্নয়নমূলক সংস্থা 'ফ্ললেস ফাউন্ডেশন'-এর যৌথ উদ্যোগে ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব ও মধ্য গুড়গুড়িয়া গ্রামে মোট ১৯০টি সৌরশক্তিচালিত পথবাতি (স্ট্রিট লাইট) স্থাপন করা হয়েছে।
সম্প্রতি পূর্ব গুড়গুড়িয়া রবীন্দ্র কালচারাল সোসাইটি প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ফিতে কেটে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় বনমন্ত্রী শ্রী মনোজ কুমার ওরাং। জানা গিয়েছে, এই প্রকল্পের অধীনে পূর্ব গুড়গুড়িয়ায় ১০০টি এবং মধ্য গুড়গুড়িয়ায় ৯০টি পথবাতি বসানো হয়েছে। জঙ্গল লাগোয়া অন্ধকার এলাকায় এই পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাতের বেলায় সাধারণ মানুষের যাতায়াতকে শুধু নিরাপদই করবে না, বরং মানুষ-বন্যপ্রাণী সংঘাতের ঝুঁকি কমাতে ও ব্যাপকভাবে সাহায্য করবে বলে আশাবাদী প্রশাসন। এর ফলে মহিলা, শিশু ও প্রবীণ নাগরিকদের চলাফেরায় স্বাচ্ছন্দ্য আসবে।পরিকাঠামো উন্নয়ন ও নিরাপত্তার পাশাপাশি এদিন সমাজকল্যাণমূলক কর্মসূচিও পালিত হয়। আসন্ন শারদীয়া দুর্গোৎসবের প্রাক্মুহূর্তে এই অনুষ্ঠান মঞ্চ থেকেই এলাকার কয়েকশো মহিলার হাতে উৎসবের নতুন পোশাক তুলে দেওয়া হয়।এদিনের এই বিশেষ অনুষ্ঠানে মাননীয় বনমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বন দপ্তরের পদস্থ আধিকারিক বৃন্দ, মৈপীঠ কোস্টাল থানার পুলিশকর্মী, ভারত পেট্রোলিয়ামের প্রতিনিধি শ্রী রাজকুমার মাহাত, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্ললেস ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার বহু সাধারণ মানুষ। মানুষের নিরাপত্তা ও সামাজিক সহায়তার এই জোড়া উদ্যোগকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।