টাঙ্গাইলের নাগরপুরে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
রামকৃষ্ণ সাহা রামা টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় এক অভাবনীয় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। অভিযানে প্রায় ১০ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ৬০ হাজার ২৫০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে জালগুলো ধ্বংস করা হয়।
আজ (শনিবার) ভুতের মোড় থেকে নিশ্চিন্তপুর ঘাট পর্যন্ত এলাকার বিভিন্ন পয়েন্টে এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ টিম ওই এলাকায় দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় নদী ও জলাশয় থেকে নিষিদ্ধঘিত আনুমানিক ৬০,২৫০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।
পরবর্তীতে জনসচেতনতা বৃদ্ধি ও আইন অমান্যকারীদের নিরুৎসাহিত করতে জব্দকৃত এসব কারেন্ট জাল ভুতের মোড় ও নিশ্চিন্তপুর ঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা প্রদানে নাগরপুর থানা পুলিশ এবং সিরাজগঞ্জের চৌহালী নৌ পুলিশ গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করে।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, দেশীয় প্রজাতির মাছ ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।