রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গায় নতুন শ্মশান নির্মাণকাজের উদ্বোধন, দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশা।
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ঐতিহাসিক জমিদার বাড়ি শ্মশান প্রাঙ্গণে নতুন শ্মশান নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
অনুষ্ঠানে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, শ্মশান পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
নতুন শ্মশান নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, নির্মাণকাজ সম্পন্ন হলে সনাতন ধর্মাবলম্বীদের শেষকৃত্য সম্পন্ন করার ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। পাশাপাশি ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে আরও সুন্দর ও উপযুক্ত পরিবেশ তৈরি হবে।
এলাকাবাসী মনে করছেন, এই উদ্যোগ শুধু একটি অবকাঠামো নির্মাণ নয়, বরং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণের ইতিবাচক পদক্ষেপ। ধর্মীয় সম্প্রীতি, মানবিক মর্যাদা ও সামাজিক উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তাঁরা।