নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত
আধুনিক অবকাঠামো, প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে পর্যটনকেন্দ্র গড়ার পরিকল্পনা।
নিজ্জ্বল সাহা
স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। পতেঙ্গায় আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তোলা হবে। অন্যদিকে খেজুরতলার প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে এলাকাটিকে সবুজ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের পাশাপাশি পর্যটন থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য।
রোববার (৮ নভেম্বর) খেজুরতলা সমুদ্রসৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নান্দনিক চট্টগ্রাম গড়ার কার্যক্রমে এসব পরিকল্পনার কথা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম বলেন, খেজুরতলা সমুদ্রসৈকতের আড়াই কিলোমিটার এলাকা প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত—দুটিই উপভোগ করা যায়। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে এলাকাটিকে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
আমিনুল ইসলাম বলেন, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিবেশ সংরক্ষণ, ডেঙ্গু প্রতিরোধ এবং পর্যটন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, তৈরি পোশাকশিল্প, কৃষি ও প্রবাসী আয়ের পাশাপাশি পর্যটন দেশের অর্থনীতির চতুর্থ বৃহৎ শক্তি হয়ে উঠতে পারে। এ জন্য আন্তর্জাতিক মানের বিশেষায়িত পর্যটনকেন্দ্র গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।
ডা. শাহাদাত হোসেন বলেন, খেজুরতলা সমুদ্রসৈকতকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা গেলে বিদেশি পর্যটকদের আকর্ষণের মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা ও রাজস্ব আয়ের সুযোগ তৈরি হবে।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন জেলা প্রশাসনের সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ডেঙ্গুর প্রকোপ কমাতে সহায়ক হবে। চট্টগ্রামের পর্যটনকেন্দ্রগুলোর আধুনিকায়নের পাশাপাশি পুরো জেলাকে পরিচ্ছন্নতার একটি অনুকরণীয় মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গত জুলাই থেকে চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সুন্দর ও পর্যটনবান্ধব করে গড়ে তুলতে জেলা প্রশাসন কাজ করছে। এরই ধারাবাহিকতায় পতেঙ্গা ও খেজুরতলা সমুদ্রসৈকতকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন, ‘পতেঙ্গার ওয়েস্ট পয়েন্ট থেকে খেজুরতলার শেষ প্রান্ত পর্যন্ত পুরো সৈকত আমরা উন্মুক্ত করতে চাই। এলাকাটিকে নান্দনিকভাবে সাজানো হবে। তবে খেজুরতলার প্রাকৃতিক সবুজ পরিবেশ যতটা সম্ভব অক্ষুণ্ণ রাখা হবে।’