শ্রীপুরে জমি বিরোধের জেরে ভয়ংকর হামলা! দা-লাঠি নিয়ে কুপিয়ে জখম, ৪৫ হাজার টাকা লুটের অভিযোগ
গাজীপুর শ্রীপুর প্রতিনিধি :আল আমিন খান
গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, কুপিয়ে জখম ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রবিন সরকার (৩৫) নামের এক ব্যক্তি শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোজেখানী এলাকার রবিন সরকারের সঙ্গে একই এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে তাঁকে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
লিখিত অভিযোগ অনুযায়ী, আহ ৯ নভেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে বাড়ির পাশের জমিতে কাজ শেষে ফেরার পথে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র, দা ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে এবং তাঁর কাছে থাকা শ্রমিকদের বিল পরিশোধের জন্য রাখা ৪৫ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দেন।
এ ঘটনায় রবিন সরকার মো. লিটন সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের বক্তব্য পাওয়া গেলে সংবাদে যুক্ত করা হবে।