বায়রা সদস্যদের চলমান সংকট উত্তরণে ঐক্যের ডাক, সম্মিলিত গণতান্ত্রিক জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
জনশক্তি রপ্তানি খাতে চলমান সংকট ও করণীয় নির্ধারণে রাজধানীতে মতবিনিময় সভা করেছে বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোট।
মঙ্গলবার, ১০ নভেম্বর সন্ধ্যা ৬টায় রাজধানীর বিজয়নগরস্থ ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও বায়রার সাবেক সিনিয়র সহ-সভাপতি, বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোটের সভাপতি পদপ্রার্থী এবং সুরমা ইন্টারন্যাশনাল লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল গফুর ভূঁইয়া। সভা সঞ্চালনা করেন জোটের যুগ্ম মহাসচিব পদপ্রার্থী মোঃ মহিউদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা ওভারসিজ লিঃ (আরএল-৫১৫)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী আজগর লবি এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জোটের মহাসচিব পদপ্রার্থী ও আল আকাবা অ্যাসোসিয়েট (আরএল নং-২০৩০)-এর ব্যবস্থাপনা অংশীদার মোঃ আতিকুর রহমান বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়রার সাবেক মহাসচিব, কাজী এয়ার ইন্টারন্যাশনাল (আরএল-২০৭)-এর স্বত্বাধিকারী কাজী মোহাম্মদ মফিজুর রহমান, বায়রার সাবেক যুগ্ম মহাসচিব এম এ সালাম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এ-১ রিক্রুটিং এজেন্সি (আরএল-১৮১৯)-এর স্বত্বাধিকারী মোহাম্মাদ হারুনুর রশিদ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন জোটের অর্থ সম্পাদক পদপ্রার্থী, চৌদ্দগ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহ আলম চৌধুরী, জোটের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী ও ভূঁইয়া এমপ্লয়মেন্ট (আরএল নং-১৭৫৩)-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজিম উদ্দীন ভূঁইয়া (রাজিব), মেসার্স আল মদিনা ইন্টারন্যাশনাল (আরএল নং-১৪৬০)-এর ম্যানেজিং পার্টনার মোসাম্মৎ ফাতেমা খাতুন, সাদিয়া অ্যাসোসিয়েট লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল গফুর ভূঁইয়াসহ সহস্রাধিক রিক্রুটিং এজেন্সি মালিক ও বায়রা সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বায়রা সদস্যদের চলমান সংকট, জনশক্তি রপ্তানি খাতে বিদ্যমান সমস্যা, এজেন্সিগুলোর টিকে থাকার চ্যালেঞ্জ, সরকারের নীতিমালা, ভিসা জটিলতা, দালালচক্রের দৌরাত্ম্য, বৈদেশিক শ্রমবাজারে প্রতিযোগিতা এবং সদস্যদের ঐক্যবদ্ধ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্স যোদ্ধাদের পাঠানো অর্থ। আর সেই রেমিট্যান্সের মূল কারিগর হচ্ছেন বায়রা সদস্যরা। তাই এই খাতকে বাঁচাতে হলে সব ভেদাভেদ ভুলে গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্বের মাধ্যমে বায়রাকে শক্তিশালী করতে হবে।
তারা জোটের পক্ষ থেকে সদস্যদের অধিকার রক্ষা, হয়রানি বন্ধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা এবং সরকারের সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে সাবেক সংসদ সদস্য, মোঃ আব্দুল গফুর ভূঁইয়া বলেন, বায়রা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়, এটি সকল সদস্যের সংগঠন। তাই সদস্যদের মতামতের ভিত্তিতেই বায়রাকে এগিয়ে নিতে হবে। চলমান সংকট থেকে উত্তরণে ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি।
সভা শেষে উপস্থিত সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়।