সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা ফজলুল করিম চৌধুরীর, উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির অঙ্গীকার।
নিজ্জ্বল সাহা,
স্টাফ রিপোর্টার।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৭ নম্বর কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ফজলুল করিম চৌধুরী। নির্বাচনে জয়ী হলে ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন, মাদক ও সন্ত্রাস নির্মূল, শিক্ষার মানোন্নয়ন এবং জনসাধারণের নাগরিক সেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল করিম চৌধুরী বলেন, আমি নির্বাচিত হলে ৭ নম্বর কুমিরা ইউনিয়নের অসমাপ্ত রাস্তাঘাটের উন্নয়নসহ এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে কাজ করব। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ইউনিয়নের শিক্ষার মান উন্নত করা, ইউনিয়ন পরিষদের সেবার মান বৃদ্ধি এবং কুমিরা ইউনিয়নকে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার অন্যতম লক্ষ্য।
কুমিরা ইউনিয়নের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, ইউনিয়নের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের চাকরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ ও সহযোগিতা করা হবে। যাতে এলাকার তরুণ-তরুণীরা নিজ এলাকায় কর্মসংস্থানের সুযোগ পায়, সে বিষয়ে আমি আন্তরিকভাবে কাজ করব।
নাগরিক সেবা সহজীকরণের বিষয়ে ফজলুল করিম চৌধুরী বলেন, জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স ও চেয়ারম্যান সনদসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে জন্য ইউনিয়ন পরিষদকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে। জনগণের সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সীতাকুণ্ডের মানুষ যেভাবে জনাব লায়ন অধ্যাপক মো. আসলাম চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করেছেন, ঠিক তেমনিভাবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ৭ নম্বর কুমিরা ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী।
পরিশেষে তিনি ৭ নম্বর কুমিরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন।