পাঁচবিবিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, আটক ১
সাইদার ইসলাম
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের বিশেষ অভিযানে ২২৮ বোতল অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আব্দুর রশিদ (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) উপজেলার বাগজানা ইউনিয়নের পূর্ব কুটাহারা (সর্দারপাড়া) গ্রামে তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়। আটক আব্দুর রশিদ ওই গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানা পুলিশের একটি দল আব্দুর রশিদের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে মজুত রাখা ২২৮ বোতল অবৈধ ও নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করে পুলিশ।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তর বাড়ি তল্লাশি করে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ সহ বাড়ির মালিক আব্দুর রশিদকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।