
গাইবান্ধার ফুলছড়িতে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতা ও ডিস ব্যবসায়ী গ্রেপ্তার।
গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় ডিস ব্যবসায়ী ফিরোজ কবিরকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ফুলছড়ি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ শে মে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।
যে ব্যক্তির সমাজে নেতৃত্ব দেওয়ার কথা এবং জনগণের আস্থা ও দায়িত্ব বহন করার কথা— তাঁর নাম মাদকের মতো ভয়াবহ অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সচেতন মহলের মতে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে এমন অপরাধ পুরো সমাজের জন্যই লজ্জা ও উদ্বেগের বিষয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মাদক আজ যুবসমাজকে ধ্বংস করছে, পরিবার ভাঙছে এবং সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এই মাদক চক্রের সঙ্গে যদি রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিরা জড়িয়ে পড়ে, তবে সাধারণ মানুষের বিশ্বাস ও নৈতিকতার ভিত্তি আরও দুর্বল হয়ে যায়।
সমাজকে মাদকমুক্ত করতে এবং যুবসমাজকে বাঁচাতে এই মাদক কারবারির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। রাজনৈতিক ও সামাজিক অবস্থান নির্বিশেষে সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
ফুলছড়ি থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।





