
প্রেমিককে জড়িয়ে ধরে কান্না, তবু ছাড়াতে হলো জোর করে—রৌমারীতে অপহরণ মামলায় গ্রেপ্তার তরুণ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে নাটকীয় ঘটনার জন্ম দিয়েছে একটি অপহরণ মামলা। প্রেমিকার মায়ের দায়ের করা মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রেমিকের কাছ থেকে তরুণীকে জোর করে আলাদা করে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শুক্রবার (৮ মে) সকালে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক তরুণ ও তরুণী পরস্পরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। এ সময় কয়েকজন ব্যক্তি তরুণীকে টেনে-হিঁচড়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তরুণী যেতে না চাইলে ঘটনাস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল ওই তরুণ-তরুণী পরিবারের অমতে বাড়ি থেকে পালিয়ে যান। পরে গত ৩ মে তরুণীর মা রৌমারী থানায় অপহরণ মামলা দায়ের করেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার স্বজনরা তাদের খুঁজে বের করেন।
পরে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদে শালিস বৈঠকের আয়োজন করা হয়। সেখানে তরুণ-তরুণী একে অপরকে ছেড়ে যেতে অপারগতা প্রকাশ করেন। তবে পরিবারের সদস্যরা তরুণীকে জোরপূর্বক নিয়ে যান। একপর্যায়ে পুলিশ এসে মামলার আসামি হিসেবে তরুণকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক-এর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, অপহরণ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





