
স্টিমেট না মেনে পুরাতন বিম ব্যবহার করে আইরন ব্রিজ নির্মাণের অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া গ্রামের কলবাড়ি সংলগ্ন খালের ওপর নির্মাণাধীন একটি আইরন ব্রিজের কাজে স্টিমেট না মানা এবং পুরাতন বিম ব্যবহার করার অভিযোগ উঠেছে। প্রায় ১ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদের বরাদ্দে বাস্তবায়নাধীন এ প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজ নির্মাণের দায়িত্ব পান কলাখালী ইউনিয়ন পরিষদের সদস্য মাসুম কাজী। তবে কাজ শুরুর পর থেকেই প্রকল্পের স্টিমেট অনুযায়ী নির্মাণকাজ না করার অভিযোগ ওঠে।
স্থানীয় বাসিন্দা হাবিব শেখ বলেন, স্টিমেট অনুযায়ী ব্রিজের স্লাবে ৫টি রড ব্যবহারের কথা থাকলেও সেখানে ৪টি রড ব্যবহার করা হচ্ছে। এছাড়া ৩ সুতা রডের পরিবর্তে ২.৫ সুতা রড ব্যবহার করা হয়েছে। নতুন বিম দেওয়ার কথা থাকলেও পুরাতন বিম ব্যবহার করে ব্রিজ নির্মাণ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
স্থানীয় যুবদল নেতা রিপন হাওলাদার বলেন, “আমরা সরকারি অর্থের সঠিক ব্যবহার চাই। কোনো অনিয়ম নয়, স্টিমেট অনুযায়ী ব্রিজ নির্মাণ করা হোক। জনগণের টাকায় নির্মিত প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাটি তদন্ত করে স্টিমেট অনুযায়ী ব্রিজ নির্মাণ এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদার ও ইউপি সদস্য মাসুম কাজী বলেন, “ব্রিজের কাজ সম্পূর্ণ স্টিমেট অনুযায়ী করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম করা হয়নি।”
কলাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম (মিস্টার) বলেন, “ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয় জানতে চাইলে উপজেলা সাবস্টেশন ইঞ্জিনিয়ার বলেন, “আমরা আইরন ব্রিজ নির্মাণের সাট পরিদর্শন করেছি। স্টিমেট অনুযায়ী কাজ না হওয়ার বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করেছি। কাজটি এখন বন্ধ রয়েছে। স্টিমেট অনুযায়ী কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ”
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, “এটি ইউনিয়ন পরিষদের বরাদ্দের অর্থে বাস্তবায়ন হওয়া একটি প্রকল্প। অনিয়মের অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি নির্মাণকাজ পরিদর্শন করেছেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”





