
কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন
অনুষ্ঠিত হচ্ছে
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | ১৪ আগস্ট ২০২৬
কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সকাল থেকে কুড়িগ্রাম আলীয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে শ্রমিক ভোটারদের ব্যাপক উপস্থিতিতে চলছে ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে প্রার্থী, সমর্থক ও সাধারণ শ্রমিকদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ মোট ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন প্রার্থী। জেলায় মোট ভোটার রয়েছেন ৪ হাজার ৫১৮ জন।
নির্বাচনকে সামনে রেখে গত কয়েকদিন ধরে প্রার্থীরা দিন-রাত প্রচার-প্রচারণা চালিয়েছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেছেন তারা। বিশেষ করে শ্রমিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, জীবনযাত্রার মান উন্নয়ন, অসচ্ছল শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল শক্তিশালী করা এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আইনি ও আর্থিক সহায়তা নিশ্চিত করার বিষয়গুলো এবারের নির্বাচনে গুরুত্ব পেয়েছে।
সাধারণ শ্রমিকরা বলছেন, শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, শ্রমিকদের অধিকার ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম যোগ্য, সৎ ও গ্রহণযোগ্য নেতৃত্বই তারা নির্বাচিত করতে চান। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে পরিবহন খাতকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কমিশনার ডা. মাহফুজার রহমান মজনু বলেন, সকাল থেকেই অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন পেশার প্রতিনিধিরাও নির্বাচন পর্যবেক্ষণ করছেন।
নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সহ-সম্পাদক ছামসুজ্জামান ছামসু, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু, কুড়িগ্রাম মোটর মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান বকশীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
জেলার বিভিন্ন উপজেলা থেকে ভোটারদের সরব উপস্থিতিতে সকাল থেকেই ভোটকেন্দ্র এলাকায় বাড়তি প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রার্থী ও ভোটারদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হবে এবং রাতেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হতে পারে। শ্রমিকদের বিপুল উপস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে প্রত্যাশা—নতুন নেতৃত্ব শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে।





