
চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা, চিংড়ি জব্দ
সিহাব আলম সম্রাট, রাজশাহী
রাজশাহীর পুঠিয়ায় চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।
বুধবার (১৯ আগষ্ট) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার কাউন্সিল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।
অভিযানে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে ব্যবসায়ী সদানন্দ হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁর দোকান থেকে জেলি মিশ্রিত ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা বলেন, চিংড়িতে জেলিসহ বিভিন্ন ভেজাল উপাদান মিশিয়ে বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। খাদ্যে ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।





