
কুড়িগ্রামের কৃতী সন্তান রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত
মোঃ জাফর আহমেদ ,জেলা প্রতিনিধি | ২০ আগস্ট ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন দলটির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।
দলের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭-খ)৬) ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
এর আগে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল থেকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হওয়ায় তিনি মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন। এরপরই গুরুত্বপূর্ণ এ দায়িত্বে রুহুল কবির রিজভীকে মনোনীত করা হলো।
কুড়িগ্রাম জেলার পৈতৃক নিবাসের এই কৃতী সন্তান দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং ইতিহাস বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।
উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর বামপন্থি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্ররাজনীতিতে প্রবেশ করেন রুহুল কবির রিজভী। তিনি বিপ্লবী ছাত্র ইউনিয়নের রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার পর তিনি ছাত্রদলে যোগ দেন।
ছাত্রদলে যোগ দেওয়ার পর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন।
১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে রুহুল কবির রিজভী সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।
দলের সাংগঠনিক কার্যক্রমেও দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ১৫ আগস্ট তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। এর মাত্র কয়েকদিনের ব্যবধানে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় কুড়িগ্রামসহ সারাদেশের বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু বলেন, “কুড়িগ্রাম জেলার কৃতী সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।”
তিনি আরও বলেন, রিজভীর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে কুড়িগ্রামের সর্বস্তরের মানুষও আনন্দিত। তার নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে বিএনপির কার্যক্রম আরও গতিশীল হবে এবং কুড়িগ্রামের রাজনীতিতেও নতুন গতি ফিরে আসবে বলে প্রত্যাশা করেন তিনি।
কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা করছেন, জাতীয় পর্যায়ে তার নতুন দায়িত্ব কুড়িগ্রামের জন্যও গৌরব ও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে।





