
রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, কুড়িগ্রামে আনন্দের ঢেউ
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রামের কৃতী সন্তান অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় কুড়িগ্রামে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর এ নতুন দায়িত্বে উচ্ছ্বসিত কুড়িগ্রামবাসী ও দলীয় নেতাকর্মীরা।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে কুড়িগ্রাম শহরের হাসপাতাল মোড় এলাকায় কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষ থেকে পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
মিষ্টি বিতরণকালে নেতাকর্মীরা বলেন, রুহুল কবীর রিজভীর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়া কুড়িগ্রামবাসীর জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের মাধ্যমে বিএনপি আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল হবে—এমন প্রত্যাশা তাদের।
রিজভীর নতুন দায়িত্বের আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে আয়োজিত এ কর্মসূচিতে কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলিসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কুড়িগ্রামের সন্তান হিসেবে রুহুল কবীর রিজভীর এ অর্জনকে জেলার মানুষের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন উপস্থিত নেতাকর্মীরা।





