
কুড়িগ্রামে ৪২ শূন্য ডিলার ইউনিটে সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রামে ৪২টি শূন্য ডিলার ইউনিটের বিপরীতে নতুন করে সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন। ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০০৯’ (সংশোধিত)-এর আলোকে জেলার বিভিন্ন ইউনিয়নের নির্ধারিত কার্য এলাকায় এসব ডিলার নিয়োগ দেওয়া হবে।
জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি গত ২০ আগস্ট প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, এর আগে প্রকাশিত সার ডিলার নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নাগেশ্বরী উপজেলায় ১৫টি, ভুরুঙ্গামারী উপজেলায় ১৩টি, উলিপুর উপজেলায় ১৩টি এবং চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে একটি—মোট ৪২টি শূন্য ডিলার ইউনিটে নিয়োগ দেওয়া হবে।
যেসব এলাকায় নিয়োগ
নাগেশ্বরী উপজেলার রামখানা, বামনডাঙ্গা, নুনখাওয়া, কেদার, কচাকাটা, বল্লভের খাস, নারায়ণপুর, ভিতরবন্দ, বেরুবাড়ী ও কালীগঞ্জ ইউনিয়নের নির্ধারিত ওয়ার্ডগুলোতে ১৫টি ডিলার ইউনিটে নিয়োগ দেওয়া হবে।
ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি, শিলখুড়ী, তিলাই, পাইকেরছড়া, জয়মনিরহাট, আন্ধারীঝাড়, বলদিয়া ও চরভুরুঙ্গামারী ইউনিয়নের নির্ধারিত এলাকায় ১৩টি ইউনিটে ডিলার নিয়োগ হবে।
উলিপুর উপজেলার সাহেবের আলগা, বুড়াবুড়ি, ধরণীবাড়ী, বজরা, হাতিয়া, বেগমগঞ্জ ও তবকপুর ইউনিয়নের নির্ধারিত ওয়ার্ডগুলোতে ১৩টি ইউনিটে নিয়োগ দেওয়া হবে। এছাড়া চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে একটি শূন্য ইউনিটে ডিলার নিয়োগ হবে।
আবেদনকারীর যোগ্যতায় কড়াকড়ি
বিজ্ঞপ্তিতে সার ডিলার নিয়োগে আবেদনকারীদের যোগ্যতার বিষয়ে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন বা উপজেলার বাসিন্দা হতে হবে। জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে।
আবেদনকারীর নিজস্ব মালিকানায় অথবা ভাড়ায় সংশ্লিষ্ট কার্য এলাকায় কমপক্ষে ৫০ মেট্রিক টন ধারণক্ষমতার গুদাম থাকতে হবে। গুদাম বন্যার স্বাভাবিক সীমার চেয়ে উঁচু ও পাকা ভিটির ওপর হতে হবে। খাবারের দোকান, রেস্টুরেন্ট, গো-খাদ্য, মাছের খাবার বা সবজি দোকানের সঙ্গে সার গুদাম রাখা যাবে না। একই গুদামে সার, বীজ ও বালাইনাশক সংরক্ষণও করা যাবে না।
এ ছাড়া আবেদনকারীকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে। এজন্য কমপক্ষে ১০ লাখ টাকার সাম্প্রতিক ব্যাংক সচ্ছলতার সনদ, হালনাগাদ ট্রেড লাইসেন্স ও আয়কর রিটার্ন দাখিলের সনদ দিতে হবে। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও চলাচলে সক্ষম হতে হবে।
কারা আবেদন করতে পারবেন না
আগে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সার ডিলারশিপ বাতিল হওয়া ব্যক্তি, ব্যবসায় অনিয়মের সঙ্গে জড়িত বা কোনো ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আবেদন করতে পারবেন না। তবে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সাজা ভোগের দুই বছর পর আবেদন করতে পারবেন।
কোনো সরকারি কর্মচারী বা জনপ্রতিনিধিও সার ডিলার হতে পারবেন না। একই পরিবারের একজনের ডিলারশিপ থাকলে পরিবারের অন্য সদস্যও ডিলার হওয়ার জন্য আবেদন করতে পারবেন না।
আবেদন ফি ও আর্নেস্টমানি
আবেদন ফি হিসেবে অফেরতযোগ্য ২ হাজার টাকা পোস্টাল অর্ডার, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ‘সভাপতি, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি, কুড়িগ্রাম’-এর অনুকূলে জমা দিতে হবে।
এর পাশাপাশি ১০ হাজার টাকা আর্নেস্টমানি পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। এই অর্থ ফেরতযোগ্য। আবেদন যাচাইয়ের সময় কোনো তথ্য মিথ্যা, অসত্য বা কাগজপত্র জাল প্রমাণিত হলে আবেদন বাতিলের পাশাপাশি আর্নেস্টমানি বাজেয়াপ্ত করা হবে।
আবেদনের শেষ সময় ৩১ আগস্ট
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ৩১ আগস্ট ২০২৬ বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুড়িগ্রাম-এ।
নির্ধারিত আবেদন ফরম কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, চার কপি রঙিন ছবি, ট্রেড লাইসেন্স, গুদামের মালিকানা বা ভাড়ার চুক্তিনামা, ব্যাংক সচ্ছলতার সনদ, পরিবারের সদস্যদের পেশাসহ তালিকা, আয়কর রিটার্নের সনদ এবং কৃষি উপকরণ ব্যবসার অভিজ্ঞতার প্রমাণপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
সার ডিলার নিয়োগের এই বিজ্ঞপ্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য ও কৃষকবান্ধব ডিলার নিয়োগ করা গেলে জেলার সার বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে এবং কৃষকদের সারপ্রাপ্তি আরও সহজ ও স্বচ্ছ হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।





