
ময়মনসিংহে চিকিৎসককে মারধরের ঘটনায় নারী আটক
স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান
ময়মনসিংহ নগরীর জিলা স্কুল এলাকায় চেম্বারে ঢুকে পশু চিকিৎসক ডা. মো. আশিকুর রহমানের ওপর হামলার ঘটনায় আফরিন রশিদ সেজুতি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) ভোর রাতে নগরীর আকুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেজুতি ময়মনসিংহ নগরীর মাসকান্দা নতুন বাজার রোড এলাকার বাসিন্দা ডা. হারুন অর রশিদের মেয়ে।
পুলিশ জানায়, দুটি ভেটেরিনারি চেম্বারে হামলার ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে আসলে পুলিশ তদন্ত শুরু করে। শনিবার ভুক্তভোগী দুইজন পশু চিকিৎসক থানায় লিখিত অভিযোগ দিলে প্রযুক্তির সহায়তায় সেজুতিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল-মামুন জানান, অভিযোগ পাওয়ার পর হামলায় জড়িত এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে নগরীর জিলা স্কুল সংলগ্ন ‘ময়মনসিংহ ডক্টরস পেট কেয়ার’ চেম্বারে কয়েকজন তরুণ-তরুণী অতর্কিত হামলা চালান। এ সময় অভিযুক্ত সেজুতি চেম্বারে প্রবেশ করে চিকিৎসক ডা. মো. আশিকুর রহমানকে জুতা দিয়ে অনবরত আঘাত করেন। পরে আরও কয়েকজন এসে তাকে ও তার স্ত্রী তাসনিন সিদ্দিকীকে কিল-ঘুষি মারেন। এর আগে ২০ আগস্ট নগরীর কেওয়াটখালি এলাকার আরেকটি ভেটেরিনারি চেম্বারেও হামলার ঘটনা ঘটে। সেখানেও সেজুতিসহ কয়েকজন তরুণ-তরুণী চেম্বারে ঢুকে ভাঙচুর করে। এ সময় চিকিৎসক ডা. আব্দুল হান্নানের সহকারী মইনুল ইসলামকে মারধর করে। দুটি ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে শনিবার সন্ধ্যার দুটি ঘটনায় ভুক্তভোগী দুই পশু চিকিৎসক লিখিত অভিযোগ দায়ের করেন।





