
গাইবান্ধায় বিক্রয়কর্মীদের দক্ষতা যাচাইয়ে সমন্বিত জরিপ শুরু
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধা শহরের বিভিন্ন শপিং মল, মার্কেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয়কর্মীদের দক্ষতা ও প্রশিক্ষণের প্রয়োজনীয়তা চিহ্নিত করতে সমন্বিত জরিপ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার দুপুরে শহরের সালিমার সুপার মার্কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত এ জরিপের উদ্বোধন করেন চেম্বারের সভাপতি সামিউল হুদা সুমেল।
এ সময় চেম্বারের পরিচালক মো. আবুল হোসেন মৃধা (সোহাগ), আলী কাওসার বাবুল, আবু তাহের সদরুল আমীন, সচিব জিয়াউল হক কামাল, সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের সভাপতি মো. মেহেদী হাসানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জরিপের আওতায় বিক্রয়কর্মীদের কাজের অভিজ্ঞতা, দক্ষতা, কর্মপরিবেশ, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন সমস্যার বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। এ জন্য ১৫ জন জরিপকারী বিভিন্ন প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করে নির্ধারিত প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করছেন।
আয়োজকরা জানান, সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে বিক্রয়কর্মীদের কোন কোন ক্ষেত্রে প্রশিক্ষণ প্রয়োজন এবং ভবিষ্যতে কী ধরনের দক্ষতা উন্নয়ন কার্যক্রম নেওয়া দরকার, তা নির্ধারণ করা হবে।
তাদের মতে, এই জরিপের মাধ্যমে বিক্রয়কর্মীদের পেশাগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ, সেবার মান ও সামগ্রিক ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হবে।





