
মান্দায় ৫৩২ কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলেন উপজেলা প্রশাসন
সজিব রহমান নওগাঁ
নওগাঁর মান্দায় শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ৫৩২ জন কৃতী শিক্ষার্থী ও ৪৯ টি সফল শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও এস এস সি (ভোকেশনাল) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ এবং এ প্লাস (A+) অর্জনকারী শিক্ষার্থীদের পাশাপাশি প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পর্যায়ে বৃত্তিপ্রাপ্তসহ শাপলা ও প্রেসিডেন্ট কাপ এ্যওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল ও সাফল্য অর্জনের জন্য উপজেলার ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে, সাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার স্বপন, কালিগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, ছোট মুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রভাষক এমদাদুল হক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভালো ফলাফল ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





