
ক্যানিংয়ে পাট্টা প্রাপ্ত কৃষিজমি রক্ষায় হাজারো কৃষকের প্রতিবাদ, গঠিত ‘জমি রক্ষা কমিটি’
মোমিন আলি লস্কর, ক্যানিং:
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমার জীবনতলা থানার অন্তর্গত তাম্বুলদা অঞ্চলে পাট্টা প্রাপ্ত কৃষিজমি রক্ষার দাবিতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত কৃষকদের অভিযোগ, ১৯৮৫ সাল থেকে তাঁরা সংশ্লিষ্ট কুলের ঘোজ মৌজার বিভিন্ন দাগের জমিতে চাষাবাদ করে আসছেন এবং ২০১৪ সালে সরকারি অনুমোদিত পাট্টা লাভ করেন। তাঁদের দাবি, বর্তমানে কিছু ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ওই জমির দখল নেওয়ার চেষ্টা করছেন।
এই অভিযোগের প্রতিবাদে এসটি, এসসি, ওবিসি, সংখ্যালঘু, দলিত ও আদিবাসীসহ বহু কৃষক-চাষি একত্রিত হয়ে ‘জমি রক্ষা কমিটি’ গঠনের উদ্যোগ নেন এবং কৃষিজমি রক্ষার দাবিতে প্রতিবাদ সভা করেন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক ও মানবাধিকার কর্মী হোসেন গাজী। এছাড়াও এলাকার সামাজিক বুদ্ধিজীবী এবং বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশরাফ মোল্লা, তাহের সরদার, মজিদ জমাদার, যতীন সর্দার, দিপক হালদার, আচাদ লস্কর, জয়নাল হালদার, হবিবর রহমান লস্কর এবং রফিকুল মোল্লা।
প্রতিবাদ সভায় উপস্থিত কৃষক ও চাষিদের অভিযোগ, কিছু ব্যক্তি বিজেপির নাম ব্যবহার করে তোলাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাঁদের জমি থেকে উৎখাত করার চেষ্টা করছেন। তাঁরা নবগঠিত রাজ্য সরকার ও প্রশাসনের কাছে আবেদন জানিয়ে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং পাট্টা প্রাপ্ত কৃষিজমির ওপর তাঁদের আইনসম্মত অধিকার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি, কৃষকদের বক্তব্য অনুযায়ী, তাঁদের পূর্ণ কৃষি অধিকার সুরক্ষিত রাখার জন্যও সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।প্রসঙ্গত, জমি দখল ও অন্যান্য অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।





