
বীরগঞ্জের ঝাড়বাড়ীতে সংবাদকর্মীর ওপর হামলা ও কাপড় ব্যবসায়ীকে লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
মোয়াজ্জেম সরকার রুবেল
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী এলাকায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ঝাড়বাড়ী নিউজের পরিচালক ও সংবাদকর্মী জাকির হোসেনের ওপর হামলা এবং কাপড় ব্যবসায়ী আব্দুল মান্নানকে লাঞ্ছিত করার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, সম্প্রতি আম চুরির একটি ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদের জেরে উস্কানিমূলক ও আক্রোশমূলকভাবে সংবাদকর্মী জাকির হোসেনের ওপর হামলা চালানো হয়। একই ঘটনার ধারাবাহিকতায় ওই সংবাদের একটি মন্তব্যকে কেন্দ্র করে কাপড় ব্যবসায়ী আব্দুল মান্নানকেও লাঞ্ছিত করা হয় বলে তারা দাবি করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সংবাদ প্রকাশের কারণে একজন সংবাদকর্মীর ওপর হামলা এবং একজন ব্যবসায়ীকে লাঞ্ছিত করার ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের পরিপন্থী। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভকারীদের ভাষ্য অনুযায়ী, গত ১৩ জুলাই সংঘটিত হামলা ও লাঞ্ছনার ঘটনায় ঝাড়বাড়ী বাজারের প্রিন্স মাহমুদসহ কয়েকজনের নাম উল্লেখ করে প্রতিবাদ জানানো হয়। সমাবেশে উপস্থিতরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় “২২ ফ্যামিলি” নামে পরিচিত একটি মহলকে ঘিরেও বিভিন্ন অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন বিক্ষোভকারীরা।
সমাবেশ শেষে স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।





