
ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে মাদ্রাসা ঠেস বাসস্টপের নলেজ সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক দিবস উদযাপন
মোমিন আলি লস্কর, দক্ষিণ ২৪ পরগনা :
আজ ৫ সেপ্টেম্বর, মহান দার্শনিক ও প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তাঁর জন্মদিনটিই সারা দেশে ‘শিক্ষক দিবস’ হিসেবে পালিত হয়। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে, মাদ্রাসা ঠেস বাসস্টপ সংলগ্ন নলেজ সিটিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হলো শিক্ষক দিবস।শিক্ষকরা তাঁদের অক্লান্ত পরিশ্রম, জ্ঞান ও শিক্ষাদানের মাধ্যমে একজন শিশুকে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলেন। বর্তমান সময়ে সমাজে নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধকে আরও শক্তিশালী করতে শিক্ষকমহলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডাঃ আব্দুল রব সাহেবের উদ্যোগে গড়ে ওঠা নলেজ সিটি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের জ্ঞান, মেধা ও প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে নতুন প্রজন্মকে গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।শিক্ষক দিবস উপলক্ষে নলেজ সিটির প্রাঙ্গণে আয়োজন করা হয় মনোজ্ঞ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক এবং বিশিষ্ট সমাজসেবীদের উপস্থিতিতে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। সকাল থেকেই শিক্ষক দিবসকে ঘিরে পড়ুয়াদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা গান, আবৃত্তি, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের হাতে শুভেচ্ছা ও সম্মাননা তুলে দিয়ে তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।বক্তব্য রাখতে গিয়ে শিক্ষক-শিক্ষিকারা বলেন, একজন শিক্ষকের প্রকৃত সাফল্য তখনই, যখন তাঁর শিক্ষার্থীদের সঠিক পথে এগিয়ে যেতে দেখা যায়। শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রেও শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।২০ জন ছাত্রছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হলো শিক্ষক দিবসের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়ার কর্মসূচি। নলেজ সিটির কর্ণধার ডাঃ আব্দুল রব সাহেব জানান, এদিন মোট ২০ জন ছাত্রছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়।
সাইকেলগুলি ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেন সাতগাছিয়া বিধানসভার বিধায়ক অগ্নীশ্বর নস্কর, নলেজ সিটির কর্ণধার ডাঃ আব্দুল রব সাহেব এবং অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা।বিধায়ক অগ্নীশ্বর নস্কর বলেন, “আমি নলেজ সিটির সঙ্গে সবসময় পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। ছাত্র-ছাত্রীদের শিক্ষা ও উন্নয়নের জন্য সমস্ত ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেব।”নলেজ সিটির কর্ণধার ডাঃ আব্দুল রব সাহেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে। তাঁর কথায়, “শিক্ষকের হাত ধরেই গড়ে ওঠে আগামী দিনের সুন্দর সমাজ। যাঁরা জ্ঞানের আলোয় আমাদের জীবন আলোকিত করেন, তাঁদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।”দিনভর নানা আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান,শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা এবং ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়ার মধ্য দিয়ে আবেগঘন পরিবেশে শেষ হয় নলেজ সিটির শিক্ষক দিবসের এই বিশেষ অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলেজ সিটির কর্ণধার ডাঃ আব্দুল রব সাহেব, সাতগাছিয়া বিধানসভার বিধায়ক অগ্নীশ্বর নস্কর, নলেজ সিটির শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং বিশিষ্ট সমাজসেবীরা।





