
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত নড়াইলের তানজিম
আল শাহরিয়া আমিন
নড়াইল প্রতিনিধি :
মানসিক স্বাস্থ্যসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শিশুদের নোবেল’ হিসেবে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ (International Children’s Peace Prize)-এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের তরুণ মো. তানজিম শেখ।
নড়াইল জেলার কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের পুটিমারী গ্রামের সন্তান তানজিম শেখ বর্তমানে আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্যসেবা সংস্থা PeaceNest-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে দায়িত্ব পালন করছেন।
PeaceNest-এর মাধ্যমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ডিজিটাল প্ল্যাটফর্মে মানসিক স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। প্রতিষ্ঠানটির মাধ্যমে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে মানসিক স্বাস্থ্য সহায়তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
তানজিমের প্রতিষ্ঠিত ‘SilentRoom’ প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিস্টদের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে পেশাদার মানসিক স্বাস্থ্য সহায়তা পাচ্ছে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও নিউরোসায়েন্স বিষয়ে সচেতনতা তৈরিতে তিনি প্রকাশ করছেন মাসিক ম্যাগাজিন ‘NeuroZen’। একই সঙ্গে মানসিক স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন ও গবেষণাতেও তিনি কাজ করছেন।
এছাড়া International Youth Conference Season 12-এ মানসিক স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন প্যানেলিস্ট হিসেবেও অংশ নিয়েছেন তানজিম শেখ।
নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা KidsRights গত ৩০ সেপ্টেম্বর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য তানজিম শেখের মনোনয়নের ঘোষণা দেয়।
এই মনোনয়ন নড়াইল তথা বাংলাদেশের তরুণদের জন্য একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তানজিম শেখের এই অর্জন দেশের তরুণ সমাজকে মানবিক ও সামাজিক কাজে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





