
জামালগঞ্জে পরিত্যক্ত তিনটি কক্ষ সংস্কার করে চালু করলেন ইউএনও শিল্পী রাণী মোদক
তাহের আহমেদ — জামালগঞ্জ, সুনামগঞ্জ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয়ে সেবাগ্রহীতা মা, শিশু ও সাধারণ মানুষের সুবিধার্থে পরিত্যক্ত তিনটি কক্ষ সংস্কার করে ব্যবহারের উপযোগী করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের পরিকল্পনায় কক্ষ তিনটি সংস্কার করে ব্রেস্ট ফিডিং রুম, ওয়েটিং রুম ও ক্ষণিকালয় কার্যালয় হিসেবে চালু করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্ষগুলোর উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, “জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। উপজেলা প্রশাসন কার্যালয়ে ব্রেস্ট ফিডিং রুম, ওয়েটিং রুম ও ক্ষণিকালয় চালুর উদ্যোগ নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদককে অসংখ্য ধন্যবাদ। এর মাধ্যমে সেবা নিতে আসা মা ও শিশুরা উপকৃত হবেন। একই সঙ্গে সাধারণ মানুষও অপেক্ষা করার জন্য একটি নির্ধারিত স্থান পাবেন। জনসাধারণের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, “সিসি ক্যামেরায় প্রায়ই দেখা যায়, বিভিন্ন প্রয়োজনে উপজেলা প্রশাসন কার্যালয়ে আসা অনেক নারীকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তাঁদের সম্মানের সঙ্গে বসার জায়গা করে দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। সেই চিন্তা থেকেই পরিত্যক্ত তিনটি কক্ষ সেবাগ্রহীতাদের ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছে। এখন থেকে কোনো মাকে যেন বাইরে দাঁড়িয়ে তাঁর সন্তানকে বুকের দুধ খাওয়াতে না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই ব্রেস্ট ফিডিং রুম চালু করা হয়েছে।”
উপজেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে সরকারি দপ্তরে সেবা নিতে আসা মা ও শিশুরা বুকের দুধ খাওয়ানোর জন্য নিরাপদ ও নির্ধারিত স্থান পাবেন। পাশাপাশি অপেক্ষমাণ সাধারণ মানুষও বসার সুবিধা পাবেন। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের মাধ্যমে উপজেলা প্রশাসন কার্যালয়ে সেবাগ্রহীতাদের জন্য আরও মানবিক ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত হবে।





