
ফরিদপুরে সারের ডিলারশিপ নিয়োগ নিয়ে বিরোধ, হামলায় আহত ৪
মামুন মিঞা, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগ তোলাকে কেন্দ্র করে শেখ খোরশেদ আহমেদ দোলন (৫০) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে আরও তিনজন আহত হয়েছেন। আহত চারজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত দোলন ওই ইউনিয়নের দুলারডাঙ্গী গ্রামের বাসিন্দা । অন্য আহতরা হলেন উত্তর গোপীনাথপুর গ্রামের সুমন তালুকদার (৩৬), গোপালপুর গ্রামের ওয়াজেদ মোল্যা (৫০) ও বাড়ৈইডাঙ্গী গ্রামের মোস্তাক আহমেদ কলি মণ্ডল (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রামনগর ইউনিয়নে সারের ডিলারশিপের জন্য আবেদন করেন খোরশেদ আহমেদ দোলন এবং বিএনপি নেতা মান্নান মণ্ডলের ছেলে শিবলী সাদিক ওরফে তুষার মণ্ডল (৩০)। পরে মেসার্স এসএস এন্টারপ্রাইজের নামে তুষার মণ্ডল ডিলারশিপের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হন। এ নিয়োগপ্রক্রিয়ায় আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগ তোলেন দোলন।জানা যায় খোরশেদ আহমেদ দোলন জেলা যুবদলের সদস্য।
এরই ধারাবাহিকতায় রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরকান্দা প্রেসক্লাবে ডিলারশিপ নিয়োগে বঞ্চিত আবেদনকারীরা সংবাদ সম্মেলন করেন। সেখানে দোলন তাঁর ইউনিয়নে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ জানান। অর্থের বিনিময়ে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
দোলনের বড় ভাই শেখ ফরিদ আহমেদ মিলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে এসব বক্তব্য দেওয়ায় তুষার মণ্ডল ক্ষুব্ধ হন। এর জের ধরে সোমবার সন্ধ্যায় বাঙ্গাবাড়িয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকা দোলনের ওপর হামলা চালানো হয়।
শেখ ফরিদ আহমেদ মিলন বলেন, “সন্ধ্যায় বাজারের একটি চায়ের দোকানে বসে ছিল দোলন। এ সময় তুষারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। ভাইকে বাঁচাতে গেলে অন্যদেরও পিটিয়ে আহত করা হয়।”
তিনি আরও অভিযোগ করেন, দোলনকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। হামলাকারীদের বাধা দিতে গিয়ে অন্য তিনজনও আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে দোলনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করেন তাঁর ভাই।
অভিযোগের বিষয়ে মেসার্স এসএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তুষার মণ্ডলের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হাতুড়ি দিয়ে পেটানোর বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”





