
এমপি আক্তারুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ, আইনি ব্যবস্থার দাবি
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: আল আমিন খান
অবহেলিত গফরগাঁওয়ের সার্বিক উন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাওয়া জননেতা ও সংসদ সদস্য জনাব আক্তারুজ্জামান বাচ্চু এবং তাঁর পরিবারকে জড়িয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।
সম্প্রতি পাগলা থানা বিএনপির সাবেক সদস্য এবং ১ নম্বর মশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব শাহ নেওয়াজ কবীর বাচ্চু স্থানীয় নেতাকর্মী ও সচেতন জনগণের পক্ষে এই তীব্র প্রতিবাদ জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি নেতা শাহ নেওয়াজ কবীর বাচ্চু বলেন, অপপ্রচারকারীরা মূলত রাজনৈতিক সুবিধাভোগী ও ষড়যন্ত্রকারী। দেশের মাটিতে দাঁড়িয়ে জনগণের মুখোমুখি হওয়ার সাহস না থাকায় তারা বিদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য তথ্য ও গুজব ছড়িয়ে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, “রাজনৈতিক মতপার্থক্য গণতন্ত্রের অংশ হতে পারে, কিন্তু বিদেশে বসে কুচক্রী মহলের ইন্ধনে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কেবল একজন সফল জনপ্রতিনিধির সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা নয়, বরং গফরগাঁওয়ের চলমান উন্নয়নের ধারাকে স্তব্ধ করার একটি সুপরিকল্পিত চক্রান্ত।”
গফরগাঁওয়ের উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের পক্ষ থেকে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ৩ দফা দাবি পেশ করা হয়:
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে অপপ্রচারে লিপ্ত কুচক্রী মহলকে দ্রুত তদন্তের মাধ্যমে চিহ্নিত করে জনগণের সামনে তাদের আসল পরিচয় উন্মোচন করতে হবে।
এমপি আক্তারুজ্জামান বাচ্চু ও তাঁর পরিবারের সুনাম ক্ষুণ্ন করার অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কোনো প্রকার গুজবে কান না দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, গফরগাঁওয়ের সর্বস্তরের জনগণ সত্য, ন্যায়বিচার ও আইনের শাসনে বিশ্বাসী। কোনো ভিত্তিহীন অপপ্রচার ও কুচক্রী মহলের ষড়যন্ত্রেব গফরগাঁওয়ের সচেতন জনগণ কখনোই বিভ্রান্ত হবে না।





