
নান্দাইলে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ সূচনা: মাসে ২৫০০ টাকা সহায়তা পাবেন নারীরা
হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | নান্দাইল, ময়মনসিংহ।
ময়মনসিংহের নান্দাইলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শুরু হলো ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র তথ্য সংগ্রহ কার্যক্রম। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় নান্দাইল উপজেলার ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী বলেই আজ প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ ফ্যামিলি কার্ডের মতো যুগান্তকারী জনকল্যাণমূলক সুবিধা পাচ্ছেন। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক পরিবারগুলো সরাসরি রাষ্ট্রীয় সহায়তার আওতায় আসবে।”
নারীদের স্বাবলম্বী করার অঙ্গীকার:-
প্রতিমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবার প্রতি মাসে ২৫০০ টাকা করে সরাসরি নিজ নিজ মোবাইল ওয়ালেটে আর্থিক সাহায্য পাবেন। বিশেষ করে নারীদের ক্ষমতায়নে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারীরা এ টাকা দিয়ে তাদের চিকিৎসা সেবা গ্রহণ, ক্ষুদ্র ব্যবসা পরিচালনা কিংবা প্রয়োজনীয় পারিবারিক চাহিদা মেটাতে পারবেন, যা তাদের আত্মনির্ভরশীল করে তুলবে।
জালিয়াতি রোধে কড়া নির্দেশ ও শতভাগ স্বচ্ছতা:-
তথ্য সংগ্রহ প্রক্রিয়ায় যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট জানান:-
সম্পূর্ণ বিনামূল্যে সেবা:- তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ডিজিটাল ট্যাবের মাধ্যমে ফরম পূরণ করবেন। এর জন্য কোনো প্রকার ফি বা টাকা-পয়সা দিতে হবে না।
প্রতারকদের বিষয়ে সতর্কতা:- ভুয়া চক্র বা দালালদের হাতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
স্বাক্ষর ও সততা:- ট্যাবে তথ্য এন্ট্রি শেষে স্বাক্ষর বা টিপসই দেওয়ার সময় পরিবারের অন্য কোনো সদস্যকে সাথে রাখার পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিতি ও আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা:-
মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রতিমন্ত্রী নান্দাইলের সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও কাঁচা-পাকা রাস্তাঘাট সংস্কারের নানামুখী সরকারি পরিকল্পনার কথা তুলে ধরেন এবং এলাকার উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:-
প্রশাসন:- নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।
রাজনৈতিক নেতৃবৃন্দ:- উপজেলা বিএনপি’র সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, বিএনপি নেতা আবুল খায়ের বাবুল এবং পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় বিপুল সংখ্যক নারী-পুরুষের আমেজপূর্ণ উপস্থিতি লক্ষ্য করা যায়।





