
কালিয়াকৈরে শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শ্রীফলতলী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভৃঙ্গরাজ তালিবাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। প্রধান অতিথি গাজীপুর জেলা পরিষদের অর্থায়নে শ্রীফলতলী ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে গ্রামীণ রাস্তা পাকাকরণ, ড্রেন নির্মাণ ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড.চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, বিএনপি জনগণের দল। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জেলা পরিষদের মাধ্যমে শ্রীফলতলী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হবে।এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোবারক হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ নুরুল ইসলাম শিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।





